
যানজটে রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি মালবাহী গাড়ি বিকল হয়ে পড়ার জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই আকস্মিক যানজটে ঘণ্টার পর ঘণ্টা মাঝরাস্তায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পরিবহন চালকরা।
বিশেষ করে সপ্তাহের ছুটির দিন শেষে কর্মদিবসের শুরুতে ঢাকামুখী যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত সড়কের একপাশে যানবাহনের মাইলের পর মাইল দীর্ঘ সারি তৈরি হয়েছে। চাকা প্রায় না ঘোরার কারণে অফিসগামী সাধারণ মানুষ, দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যানবাহনের চালকদের দুর্ভোগ এখন চরমে।
মহাসড়কে এই হঠাৎ তৈরি হওয়া যানজটের কারণে সাধারণ যাত্রীবাহী বাসের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার যানবাহনগুলোকেও দীর্ঘ সময় ধীরগতিতে আটকে থাকতে দেখা গেছে, যা যাত্রীদের মধ্যে চরম অসন্তোষের জন্ম দেয়।
এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সকাল থেকেই তৎপরতা চালাচ্ছে হাইওয়ে পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ গণমাধ্যমকে বলেন, ‘দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং এর চেইন রিঅ্যাকশনের প্রভাব সোনারগাঁ অংশেও এসে পড়ে।
তবে স্বস্তির খবর হলো, বিকল হওয়া গাড়িটি ইতোমধ্যে রেকার দিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মহাসড়কের যানজট এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে।’











































