রবিবার । মে ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৪ মে ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
শেয়ার

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন


muhammadpur-fire

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। এছাড়া আরও দুটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে পথে রয়েছে বলে জানা গেছে।

আজ রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীত পাশের ওই বহুতল ভবনটির ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটকে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে দেওয়া হয়। তবে সন্ধ্যার তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

অগ্নিকাণ্ডের শিকার হওয়া ওই ১০ তলা ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির কোনো বিবরণ এখনো জানা যায়নি। তীব্র যানজট ঠেলে বাকি দুটি ইউনিটও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।