রবিবার । মে ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৪ মে ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
শেয়ার

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ


Jubair-Rahman

অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার তিনি বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে পরিচালনা পর্ষদের সভা বাতিল হওয়ায় এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক এম জুবায়দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। তখন গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। পরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ তৈরি হয়। এর মধ্যেই চেয়ারম্যান দেড় মাসের ছুটিতে বিদেশে যান এবং অনলাইনে সভায় অংশ নেওয়ার শর্ত দেওয়া হয়। একইভাবে এমডি ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়েছিল।

রোববার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা কার্যালয়ের নিচে বিক্ষোভ শুরু করেন। তারা এমডি ওমর ফারুক খানকে অপসারণ না করার দাবি জানান এবং চেয়ারম্যান এম জুবায়দুর রহমানের পদত্যাগ চান। পরিস্থিতির মধ্যেই চেয়ারম্যান পদত্যাগপত্র পাঠান।

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেয়। ব্যাংকটির আর্থিক অবস্থাও গত কয়েক বছরে বড় ধরনের চাপে পড়ে। ২০১৬ সালে ব্যাংকটির মুনাফা ছিল প্রায় ৪৪৭ কোটি টাকা, যা ২০২৫ সালে নেমে আসে ১৩৭ কোটি টাকায়। একই সময়ে খেলাপি ঋণের হার ৪ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে ৪৯ শতাংশে পৌঁছেছে। বর্তমানে ব্যাংকটির ৯২ হাজার কোটি টাকার বেশি ঋণ খেলাপি হিসেবে রয়েছে।

জুবাইদুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক, ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে ভিজিটিং প্রফেসর, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেইন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (জুমস) প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর।