
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং চীনের বন্ধুভাবাপন্ন জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী
কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ভয়াবহ এই দুর্ঘটনায় আহতদের আরোগ্য কামনা করছি। একই সাথে খনিতে এখনো যারা নিখোঁজ রয়েছেন, তাদের সন্ধানে যে উদ্ধারকারী দলগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমাদের প্রার্থনা সর্বদা তাদের সাথে রইল।’
তিনি আরও উল্লেখ করেন, এই কঠিন ও চরম বিপদের মুহূর্তে বাংলাদেশ সবসময় চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা, আহতদের জরুরি চিকিৎসা সেবা প্রদান ও এই দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে চীন সরকারের চলমান তদন্ত প্রক্রিয়া ও প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে। একই সাথে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই যেন এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পান—শোকবার্তায় সেই কামনাও করেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় চীনের শানঝি প্রদেশের ওই কয়লা খনিতে আকস্মিক ও ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ৯০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের সময় মাটির নিচে খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছিলেন। সেখান থেকে বাকিদের জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












































