
সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার। বিটিভি’র পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বড় ডিজিটাল পর্দা ও বিলবোর্ডে খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। তাই বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, গত বিশ্বকাপে যেখানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়েছিল, সেখানে এবার প্রায় ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কেনা হয়েছে। বিজ্ঞাপন ও অন্যান্য বাণিজ্যিক স্বত্ব বিক্রির মাধ্যমে এ ব্যয়ের একটি বড় অংশ সমন্বয় করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, টেলিভিশনের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে দর্শকরা একসঙ্গে বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেন।
সরকার স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে বলেও জানান তিনি।











































