মঙ্গলবার । জুন ৯, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৯ জুন ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
শেয়ার

ঋতুপর্ণার হাতে বাড়ি নির্মাণের অনুদান তুলে দিলেন প্রধানমন্ত্রী


Rituporna chakma

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার পরিবারের জন্য বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিতে নিজ কার্যালয়ে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, দেশের নারী ফুটবলে অসামান্য অবদান এবং ব্যক্তিগত সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে ঋতুপর্ণার পরিবারের জন্য এ সহায়তা দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালে ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মায়ের চিকিৎসার জন্যও বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সে সময় দলটির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতারা রাঙামাটির দুর্গম এলাকায় গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং সহায়তা পৌঁছে দেন।

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম ভরসার নাম ঋতুপর্ণা চাকমা। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার অভিযানে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।

পাহাড়ি অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখা ঋতুপর্ণা বর্তমানে দেশের নারী ফুটবলের অন্যতম অনুপ্রেরণার নাম।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প