ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া আয়োজিত “বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫” গত ৫মে ইনছন গ্রান্ড পার্কে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআনুল কারিম ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান বেলা ১২টায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের বন্ধনকে আরও দৃঢ় করতে আয়োজিত এ অনুষ্ঠান প্রাণবন্ত আয়োজন ও ব্যাপক জনসমাগমে রূপ নেয়।

দিনব্যাপী এই উৎসবে ছিল নানাবিধ আয়োজন—বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্টল, সাংস্কৃতিক পরিবেশনা এবং GME FINANCE এর র্যাফেল ড্র। অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিউনিটির সভাপতি শামীম ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল, এনডিসি। তিনি বক্তব্যে প্রবাসে জাতীয় সংস্কৃতিকে ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরণের আয়োজনে কমিউনিটির অংশগ্রহণকে সাধুবাদ জানান।
ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার প্রধান উপদেষ্টা মোঃ ছানোয়ার হোসেন বলেন
‘প্রবাসে থেকেও আমরা আমাদের ভাষা, সংস্কৃতি ও উৎসবকে যেভাবে ধরে রাখছি, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান উপহার।
এই ঐতিহ্যবাহী বর্নিল উৎসবকে সফল ও স্মরণীয় করে তোলার পেছনে যাদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দক্ষিণ কোরিয়া ইনছন এর নামদুংগু প্রধান ইজংসুক,লোকাল এম পি বাকসন ইয়ক বুপিওং জেলা পরিষদ সদস্য হজং মি, বুপিওং জেলা পরিষদ সদস্য বাক ইয়ন হুক, দাউলবিট ইজুমিন জিওউনসেন্টার এর সেন্টারজাং আইবিসিকে উপদেষ্টা কিম ওনমি ও ভুয়েলু এভিয়েশন এর চেয়ারম্যান মিঃ কিম ইয়ং ওক, বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি ব্যক্তিবৃন্দ, যেমন হাসিবুল কবির, এমএন ইসলাম, ইমন রহমান অহি, সরকার জামান নলেজ, আসাদুজ্জামান জুয়েল ভূঁইয়া, বোরহান উদ্দিন, রাজিব আহমেদ, কেবিজ প্রশিক্ষক শেখ মুরাদ হোসাইন ও সোলাইমান বিন রাসেল প্রমুখ।
বাংলাদেশ থেকে আগত বাংলা গানের যুবরাজ আসিফ আকবর, শিল্পী আকতার রিয়া, প্রিয়াঙ্কা জামান তাদের গান ও নাচ পরিবেশন করেন। স্থানীয় শিল্পী ইমরানের পরিবেশনা ছিল চোখে পড়ার মত। বাংলাদেশী শিল্পীদের পাশাপাশি কোরিয়ান শিল্পী ইসরি এ আয়োজনে অংশগ্রহণ করেন। বৈশাখী নৃত্য পরিবেশন করেন হৃদিতোষ অধিকারী। হিফহপ ড্যান্স করেন খুদে শিল্পী পার্ক মিনহি। বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫ ছিল ইনছনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা, যা সবাইকে স্মরণীয় এক দিনের অভিজ্ঞতা উপহার দিয়েছে।
পুরো অনুষ্ঠানটির প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনা করেন অসীম কুমার দে ও প্রিয়াঙ্কা জামান। বিকেল ৫টায় সবাইকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ ছানোয়ার হোসেন।