অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক ফিলিস্তিনি। এসব হামলা সংঘটিত হয়েছে গাজার বিভিন্ন আবাসিক এলাকা ও ত্রাণ বিতরণ কেন্দ্রে। শুক্রবার (২৭ জুন) সংবাদমাধ্যম আল জাজিরা গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় আক্রমণ শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৯৩৬ জন নিহত ও ২০ হাজার ৪১৭ জন আহত হয়েছেন। ওই হামলার ফলে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।