যমুনা বহুমুখী সেতু থেকে রেললাইন সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে সেতু বিভাগ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের এলেঙ্গা প্রান্ত থেকে রেললাইনের নাট-বল্টু খুলে ফেলার মাধ্যমে এই কাজের সূচনা হয়।
এর আগে গত ১৮ মার্চ যমুনা নদীর ওপর নতুনভাবে নির্মিত ডুয়েলগেজ ডাবল লাইনের যমুনা রেলসেতুতে ট্রেন চলাচল শুরু হয়। ফলে পুরাতন সড়ক সেতুর পাশে স্থাপিত রেললাইন আর প্রয়োজন ছিল না।
যমুনা রেলসেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, রেললাইন অপসারণ শেষে মালামাল রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সেতু বিভাগ ভবিষ্যতে সড়ক সেতু বর্ধিত করার লক্ষ্যে এই রেললাইন সরিয়ে নিচ্ছে।
১৯৯৮ সালের ২৩ জুন ৪.৮ কিলোমিটার দীর্ঘ যমুনা সেতু উদ্বোধনের সময় সেখানে রেল সংযোগ না থাকলেও আন্দোলনের প্রেক্ষিতে পরবর্তীতে উত্তর পাশে লোহার এঙ্গেল দিয়ে রেললাইন স্থাপন করা হয়। ২০০৪ সালের ১৫ আগস্ট থেকে সেতুতে ট্রেন চলাচল শুরু হয়।
তবে উচ্চ গতির ট্রেন চলাচলের কারণে ২০০৬ সালে সেতুর গঠন ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেনের গতি কমিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ করা হয়। এতে সময় ও ট্রাফিক জটের সমস্যা বাড়ে। এর সমাধানে ২০২০ সালে ৩শ মিটার উজানে পৃথক রেলসেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। জাইকার অর্থায়নে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন রেলসেতুর কারণে পুরাতন রেললাইন অপসারণ কার্যক্রম শুরু হলো।