আজ (২৮ জুন) নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা দুলা মিঞা সওদাগর ও মাতার নাম সুফিয়া খাতুন। সহধর্মিণী অধ্যাপক দিনা আফরোজ। এ ছাড়া ড. ইউনূস দুই মেয়ে রয়েছে।
ড. ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন। এ ছাড়া তিনি বিশ্ব খাদ্য পুরস্কারসহ বহু দেশি-বিদেশি সম্মাননায় ভূষিত হয়েছেন।
ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। চট্টগ্রাম কলিজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় তৎকালীন পূর্ব পাকিস্তানে ৩৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৬তম স্থান অর্জন করেন। এরপর চট্টগ্রাম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬১ সালে তিনি চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে অধ্যাপক পদে উন্নীত হন।
১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যান। ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক ডেভেলপমেন্টে পিএইচডি সম্পন্ন করেন। এরপর মিডিল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ইনফরমেশন সেন্টার’ প্রতিষ্ঠা করে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখেন।
স্বাধীনতার পর ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ড. ইউনূস দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মাঠে নামেন। ১৯৭৬ সালে জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে চালু করেন গ্রামীণ ব্যাংক প্রকল্প, যা ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ ব্যাংকে রূপ নেয়। এ ব্যাংকের মডেল এখন শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের ৪০টির বেশি দেশে অনুসরণ করা হচ্ছে।
ড. ইউনূস ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কারসহ বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তিনি সেই অল্পসংখ্যক ব্যক্তির একজন, যিনি নোবেল শান্তি পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেলও পেয়েছেন।
গত বছরের জুলাই মাস থেকে ছাত্র-জনতা কোটা সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলন শুরু করেন। এ আন্দোলন ক্ষমতালোভী শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে পরিণত হয়। শেখ হাসিনা দলবলসহ ভারতে চলে যান। পরবর্তীতে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।