গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতায় ইতিমধ্যেই বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। রবিবার ত্রাণ বিতরণ কেন্দ্রসহ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার আল জাজিরাকে গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় শুধু গাজা শহর ও উত্তরের অংশেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। এদিন নিহতদের মধ্যে অন্তত ৫ ফিলিস্তিনি রয়েছেন যারা বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়া ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ আসায় এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় অনেকের যায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে।
এদিকে গাজার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন নির্দেশনা সংবলিত লিফলেট ফেলা হয়েছে সেই এলাকায়।
ইসরায়েলের সর্বাত্মক অবরোধের মধ্যে গত মে মাসের শেষের দিকে ত্রাণ সরবরাহের দায়িত্ব নেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত সংস্থা জিএইচএফ।
এরপর থেকে ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালিয়ে ত্রাণ নিতে আসা অন্তত ৫৮০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ পত্রিকার এক প্রতিবেদনে আইডিএফের সৈন্যদের বরাতে বলা হয়েছে, নিরস্ত্র ত্রাণপ্রার্থীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর গুলি চালাতে উচ্চ মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে।