হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা আরো জোরদার করতে নতুন করে ছয়টি অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের নানা ঘটনা বিবেচনায় নিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার (৩০ জুন) রাতে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, সর্বশেষ নিরাপত্তা পর্যালোচনায় কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে এখন থেকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাগুলো হচ্ছে-
১. সকল ভিআইপি/ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বৃদ্ধি।
২. সকল অ্যাভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান।
৩. সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান।
৪. মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা।
৫. বিমানবন্দরে প্রবেশের সময় সকল ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণ।
৬. নিরাপত্তা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান।
সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপ বাস্তবায়ন করা হলে শাহজালালে চোরাচালান শূন্যের কোঠায় নামবে, পাশাপাশি বর্তমানে যে নিরাপত্তা রয়েছে তার চেয়ে আরও অধিকতর হবে।