
ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকেই একের পরে এক বিভ্রাটের সম্মুখীন হচ্ছে সংস্থাটির ফ্লাইটগুলো। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। এবার জানা গেল, সম্প্রতি মাঝ আকাশে বিপদের মুখে পড়েছিল দিল্লি থেকে ভিয়েনাগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মাত্র দুদিন পরই মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানে। দিল্লি থেকে ভিয়েনা যাওয়ার পথে মাঝ আকাশে আচমকা বিগড়ে যায় বিমানটি। টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৯০০ মিটার নিচে নেমে আসে।
গত ১৪ জুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ২টা ৫৬ মিনিটে ওড়ে এআই-১৮৭ নম্বর ফ্লাইটটি, যা একটি বোয়িং ৭৭৭ বিমান। নির্ধারিত সময়মতো নয় ঘণ্টা আট মিনিট পর এটি ভিয়েনা বিমানবন্দরে অবতরণ করলেও উড়ানের শুরুতেই ঘটে এই বিপজ্জনক ঘটনা। টেক-অফের কিছুক্ষণের মধ্যেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। ককপিটে বাজতে শুরু করে স্টল ও গ্রাউন্ড প্রক্সিমিটি অ্যালার্ট। একাধিক বার শোনা যায় ‘ডোন্ট সিঙ্ক’ সতর্কবার্তা।
তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পাইলটেরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বিমানটিকে নিয়ন্ত্রণ করেন এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিরাপদে গন্তব্যে পৌঁছান।
এই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনকে (ডিজিসিএ) পুরো ঘটনা জানানো হয়। বিমানের রেকডার্স থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে তারা। এরই মধ্যে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত তদন্তের সম্পূর্ণ প্রতিবেদন আসছে, ততদিন ওই বিমানের ককপিটে থাকা দুজন পাইলট কোনো বিমান ওড়াতে পারবেন না। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দুই পাইলটকে ফ্লাইট ডিউটি থেকে সরিয়ে রাখা হয়েছে।
গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। পাশাপাশি বিমানটি যে হোস্টেলের ছাদে ভেঙে পড়ে সেখানকার বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
এদিকে, বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের বিমানগুলো পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় ডিজিসিএ। সেই মতো একাধিক বিমানবন্দরে বোয়িং বিমানগুলোর পরীক্ষা করা হয়। তাতে বেশ কিছু বিমানে প্রযুক্তিগত ত্রুটি সামনে এসেছে। সেসব বিষয় ঠিক করে তবেই বিমানগুলোকে টেক অফ করার অনুমতি দেওয়া হয়।