স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে যথেষ্ট চাল উৎপাদন হচ্ছে, তবে দাম বেশি। কিছু মানুষ নিজেদের লাভের জন্য এমন কাজ করছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আজ বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কুমিল্লার মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়া, এমন ঘটনাগুলোর ক্ষেত্রে আসামিদের দ্রুত গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।
আসিফ মাহমুদের অস্ত্রের ম্যাগাজিন বহন প্রসঙ্গে তিনি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। তবে অস্ত্রের ম্যাগাজিন বহনের ঘটনাটি ভুল ছিল।