ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনায় করায় লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) তাপসী তাবাসসুম ঊর্মির (সহকারী সচিব, সাময়িক বরখাস্তকৃত) বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার বিধি ৪(৩) (ঘ) অনুযায়ী তাকে চাকরি হতে বরখাস্ত করা হলো।
এর আগে গত ৬ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছিল।
তাপসী তাবাসসুম ঊর্মি পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী।
উর্মি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে ২০২২ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
ভিডিও স্টোরি: আলাল-দুলাল থেকে সাপে-নেউলে
ফেসবুকে পোস্টে তাপসী তাবাসসুম ঊর্মি লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। এরপর থেকেই সমালোচনায় মুখে পড়েন ঊর্মি। এর পরিপ্রেক্ষিতে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে এবং ২ জুলাই তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ বিষয়ে ঊর্মি সাংবাদিকদের তখন বলেছিলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। এর জন্য যদি আমার চাকরি চলে যায়, সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কী? তাহলে তো আমি মনে করি, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে, আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।