
নাঈমুর রহমান দুর্জয়
আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
আদালতে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে দুর্জয়ের আইনজীবী তার জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ।
এর আগে গতকাল বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে মানিকগঞ্জের পুলিশ। মানিকগঞ্জে তার নামে দুটি মামলা আছে।
গত ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে দুদক। ৩ অক্টোবর তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপর ১৮ ডিসেম্বর দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।