গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টায় নতুন মোড় নিয়েছে। হামাস জানিয়েছে, তারা ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে। তবে গোষ্ঠীটি অভিযোগ করেছে, ইসরায়েলের অসহযোগিতার কারণে আলোচনা জটিল হয়ে পড়ছে। খবর আল জাজিরার।
বুধবার এই মন্তব্য আসে, যখন গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় আশাবাদ প্রকাশ করে বলেন, শিগগিরই একটি শান্তিচুক্তি সম্ভব হতে পারে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়নি। এর মধ্যে রয়েছে—জরুরি সহায়তা পৌঁছানো, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির বাস্তব নিশ্চয়তা।
হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল-নুনু বলেন, “আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছি এবং নমনীয়তাও দেখিয়েছি। আমাদের লক্ষ্য হলো গণহত্যা বন্ধ করা, সাহায্য নিশ্চিত করা এবং যুদ্ধের স্থায়ী অবসান।”