সিরিজ বাঁচাতে আজ ‘ডু অর ডাই’ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ডাম্বুলায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
রোববার (১৩ জুলাই) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। সিরিজে টিকে থাকার লড়াইয়ে খাঁদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ, আর এক পা পিছলে গেলেই শেষ হয়ে যাবে সিরিজ জয়ের স্বপ্ন। বিপরীতে, লঙ্কানদের সামনে সুযোগ সিরিজ শেষ হবার আগেই জয় নিশ্চিত করার।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রায় দুই বছর পর দলে ফিরে এক ম্যাচ পরই বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। তার জায়গায় সুযোগ পেয়েছেন জাকের আলী।
পেস আক্রমণেও এসেছে পরিবর্তন। একাদশে রাখা হয়নি তাসকিন আহমেদ ও তানজিম সাকিবকে। তাদের জায়গায় দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, মেহেদী মিরাজ, শরিফুল ইসলাম , সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।