
আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান। দেশের সব বিমানবন্দর আবারও স্বাভাবিকভাবে চালু হয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা এক ঘোষণায় জানিয়েছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ফ্লাইট এখন থেকে নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হবে। খবর মেহের নিউজের।
এর আগে কিছুদিন আকাশসীমা আংশিকভাবে খোলা থাকলেও এখন তা ২৪ ঘণ্টার জন্য আন্তর্জাতিক আকাশপথের চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগ জানায়, সাম্প্রতিক নিরাপত্তা মূল্যায়ন ও বিমান চলাচল সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সব বিমানবন্দর পুরোপুরি কার্যক্রমে ফিরেছে। জনগণের জন্য স্বাভাবিক বিমানসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে।