
মার্কিন ভিসার জন্য আবেদন করতে গিয়ে কেউ ভুয়া নথিপত্র জমা দিলে বা তথ্য গোপন করলে তার বিরুদ্ধে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি দায়ের হতে পারে ফৌজদারি মামলাও।
আজ শুক্রবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে।
পোস্টে বলা হয়, এই গল্প আমরা আগেও শুনেছি। কারণ কনস্যুলার কর্মকর্তারা ভিসা জালিয়াতি, তথ্য গোপন এবং ভুয়া কাগজপত্র তৈরির নানা নতুন কৌশল সম্পর্কে অবগত থাকেন। ভুয়া নথি দাখিল কিংবা তথ্য গোপন করাকে তারা গুরুতর অপরাধ হিসেবে দেখেন। এর শাস্তি হতে পারে যুক্তরাষ্ট্রে চিরতরে প্রবেশে নিষেধাজ্ঞা এবং ফৌজদারি ব্যবস্থা।
এর আগে, ১০ জুলাই দেওয়া আরেকটি পোস্টে দূতাবাস জানায়, ডিএস-১৬০ ফরম পূরণের সময় আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল সরবরাহ করা বাধ্যতামূলক।
ভিসা ফরমে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করেই আবেদনকারী তা জমা দেন। যদি কেউ সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত তথ্য গোপন করেন, তাহলে শুধু ভিসা প্রত্যাখ্যানই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।