
গাজার উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১০ জন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আনাদোলু এজেন্সির।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৬৭ জনে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে এক আকস্মিক হামলা চালায় হামাস। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় তারা। এর প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
প্রায় ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর আন্তর্জাতিক চাপে ২০২৪ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল। তবে যুদ্ধবিরতির মাত্র দুই মাস না যেতেই, ১৮ মার্চ থেকে আবারও গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে ৭ হাজার ৮৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২৮ হাজার মানুষ আহত হয়েছেন।