
দক্ষিণ কোরিয়ায় গত এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে রবিবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রবিবার (২০ জুলাই) ভোরে গ্যাপিয়ং কাউন্টি, যা রাজধানী সিউল থেকে প্রায় ৭০ কিমি পূর্বের অঞ্চলে ১৭০ মিমি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে একটি ভূমিধসে এক নারী (৭০) প্রাণ হারান এবং অনেক ঘরবাড়ি ও গাড়ি ভেসে যায়।
খবর গার্ডিয়ানের।
সরকারি তথ্য়ের বরাতে গার্ডিয়ান জানায়, এখন পর্যন্ত এই দূর্যোগে মোট মৃত্যুর সংখ্যা ১৪ জন। নিখোঁজ: ৮ জন (প্রধানত দক্ষিণ ও মধ্যাঞ্চলে)। এর মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সানচিয়ং কাউন্টি, যেখানে বুধবার থেকে এখন পর্যন্ত ৮০০ মিমি বৃষ্টিপাত হয়েছে।
এই ধরনের বৃষ্টি দক্ষিণ কোরিয়ার জুলাই মাসের বর্ষা মৌসুমে স্বাভাবিক হলেও, এ বছরের বৃষ্টিপাত অস্বাভাবিকভাবে তীব্র এবং রেকর্ড-পর্যায়ের বলে জানিয়েছে সরকারি আবহাওয়া বিভাগ।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের চরম আবহাওয়া এখন আরও ঘন ঘন ও ভয়াবহ আকারে দেখা দিচ্ছে।
ভারি বৃষ্টিতে হাজার হাজার মানুষ তাদের বাড়ি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। অনেক এলাকা এখনো প্লাবিত, এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবারের পর বৃষ্টিপাত কমতে পারে, তবে তীব্র গরম শুরু হবে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চলে, যা আবার নতুন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
২০২২ সালেও দক্ষিণ কোরিয়ায় রেকর্ড বৃষ্টিপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছিল, যার পুনরাবৃত্তি এবার আরও ভয়াবহ রূপে দেখা দিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে, তবে বৃষ্টির তীব্রতা ও ক্ষয়ক্ষতির মাত্রা আগামী সপ্তাহজুড়ে নজরদারির বিষয় হয়ে থাকবে।