ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি তিন দিনের বিশ্রামে থাকবেন। রবিবার (২০ জুলাই) নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন। খাদ্যের বিষক্রিয়ার শিকার হয়েছেন তিনি। তার শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে। এ কারণে তাকে স্যালাইন দেওয়া হচ্ছে।
তবে নেতানিয়াহুর শারীরিক অবস্থা ‘ভালো’ রয়েছে বলে জানানো হয়েছে। দপ্তরটি জানিয়েছে, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।’
এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে পেসমেকার বসানো হয়। একই বছর ডিসেম্বর মাসে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেট অপসারণ করা হয়।
সূত্র: রয়টার্স