
রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে। এমনটাই জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। তাঁরা আহতদের পর্যবেক্ষণ করে দেখবে এবং যদি প্রয়োজন হয়, তখন তাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে, যা যা প্রয়োজন, তাই করা হবে। যতজনকে বিদেশে নেওয়া দরকার, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।’
তিনি আরও বলেন, “হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের অনেকের দগ্ধের পার্সেন্টেজ বেশি, যেটি নিয়ে চিকিৎসকরা চিন্তা করছেন।”
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সাখাওয়াত বলেন, বিমানের দুর্ঘটনা নানা কারণ হয়।
“পাইলট অ্যারর হয় অথবা টেকনিক্যাল অ্যারর হয়। ব্ল্যাকবক্স অ্যানালাইসিসের আগে বোঝা যাবে না- এটা কি টেকনিক্যাল কারণে হয়েছে নাকি পাইলট অ্যারর ছিল।”
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৭ জন নিহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
পুরনো মডেলের বিমান দিয়ে প্রশিক্ষণের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে কি না, এমন প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, “ফ্রেমটা পুরানো হলেও ভেতরে ইঞ্জিন নিয়মিত আপডেট করা হয়।”