
বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার (২৩ জুলাই) রাত ১২টা ২৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “গত তিন ঘণ্টায় আমাদের পরিচিত কয়েকজন অভিনেত্রী, অভিনেতা ও পরিচালক ‘মাইলস্টোনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না’ শিরোনামে একটি ভুয়া তথ্য নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করেছেন। এর মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশি শেয়ার হয়েছে। তিনি কিছুক্ষণ আগে সেটি মুছেও দিয়েছেন।”
ফারুকী প্রশ্ন তোলেন, “ভুয়া তথ্যে বলা হয়েছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবিশ্বাস্য তথ্য কি তারা ভুল করে শেয়ার করলেন, নাকি এটি কোনো সমন্বিত প্রচেষ্টা? এমন একটি মর্মান্তিক ঘটনার সময় এভাবে দায়িত্বহীন আচরণ অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও লেখেন, “কে ক্লাসে ছিল, কে আহত হয়েছে, কে চিকিৎসাধীন—সব তথ্য তো নথিভুক্ত। তাই অনুগ্রহ করে ভুয়া শিরোনাম দিয়ে মানুষকে আর বেশি আতঙ্কিত ও হতাশ করবেন না। জাতি তার শিল্পীদের কাছ থেকে আরও দায়িত্বশীলতা প্রত্যাশা করে।”