রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। ‘অপেশাদার সিদ্ধান্ত’ হিসেবে অনেকেই রাত পৌনে তিনটায় পরীক্ষার স্থগিতাদেশ ঘোষণাকে দেখছেন, যার জেরে গতকাল মঙ্গলবার সচিবালয় এলাকায় বিক্ষোভ করেছেন বিপুলসংখ্যক শিক্ষার্থী।
বিক্ষোভে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরাব)-এর পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে তারা শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে দায়িত্বশীলতার ঘাটতির অভিযোগ তোলেন। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতি দিয়েছে সরকার।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজে থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় দেখি না, কারণ আমার দায়িত্ব পালনে কোনো গাফিলতি হয়েছে বলে মনে করি না। তবে আমার নিয়োগকর্তারা যদি মনে করেন ব্যত্যয় হয়েছে, তাহলে যেতে বললে অবশ্যই চলে যাব।’
তিনি আরও জানান, সচিবের অব্যাহতির সিদ্ধান্ত ছিল একটি ঊর্ধ্বতন কমিটির। তিনি সেই সিদ্ধান্তে সম্পৃক্ত ছিলেন না।
এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বেশ কিছু দাবি জানানো হয়। সবচেয়ে বড় ক্ষোভের জায়গা ছিল—পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত রাতে, তাও প্রায় পরীক্ষার আগমুহূর্তে। সোমবার বিকেলে যুদ্ধবিমান বিধ্বস্তের পর রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও কেন তাৎক্ষণিকভাবে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসেনি, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।
উল্লেখ্য, সোমবারের দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।