
পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুটিতে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টি২০ বোলাদের আইসিসি র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশের ভেতর ঢুকেছেন এই কাটার মাস্টার। উন্নতি হয়েছে অফ স্পিনার শেখ মেহেদী হাসানেরও।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সের ফল মিলছে আইসিসি র্যাংকিংয়েও। পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে দুই ম্যাচে ৭.২ ওভার বোলিং করে ২১ রান দিয়ে মুস্তাফিজ পেয়েছেন ৩ উইকেট। ৩-এর চেয়েও কম ইকোনমিতে বোলিং করেছেন (২.৮৬ ইকোনমি) তিনি।

বুধবার আইসিসি প্রকাশিত সাপ্তাহিক র্যাংকিং হালনাগাদে দেখা যায় বিশাল উন্নতি হয়েছে মুস্তাফিজের। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের বাঁহাতি পেসার যৌথভাবে নয়ে অবস্থান করছেন। সমান রেটিং পয়েন্ট নিয়ে তার সঙ্গী ভারতের বাঁহাতি পেসার আর্শদিপ সিং।
র্যাংকিংয়ে এর আগেও একাধিকবার সেরা দশে থাকার অভিজ্ঞতা আছে মুস্তস্তাফিজের। সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা ধুঁকছিলেন। তবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সহায়ক পিচ পেয়ে জ্বলে উঠেছেন দারুণভাবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে মুস্তাফিজ নেন ২ উইকেট। পরের ম্যাচে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট।
অফ স্পিনার শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৬ নম্বরে। প্রথম ম্যাচে ৩৭ রানে ১ ও পরের ম্যাচে ২৫ রানে তিনি পান ২ উইকেট। আর রিশাদ হোসেন প্রত্যাশা অনুযায়ী বল করতে না পারায় তিন ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন। তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ২৭তম স্থানে ও তানজিম হাসান সাকিব ৯ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।