
একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে। উত্তেজনার পারদ এতোটাই উঠেছে যে দেশটির প্রেসিডেন্টকে পর্যন্ত বিবৃতি জারি করতে হয়েছে। কিন্তু কি আছে সেই ভিডিওতে?
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কারখানায় আনুমানিক ৩০ বছর বয়সী এক শ্রমিককে ইটের সঙ্গে প্লাস্টিক র্যাপ দিয়ে বেঁধে একটি ফর্কলিফট দিয়ে তোলা হচ্ছে। মাইগ্র্যান্ট ওয়ার্কার্স হিউম্যান রাইটস নেটওয়ার্ক বুধবার ভিডিওটি প্রকাশ করে। যে শ্রমিকের সঙ্গে ঘটনাটি ঘটেছে তিনি শ্রীলঙ্কান।
ভিডিওতে কোরিয়ান এক ব্যক্তি ফর্কলিফট চালিয়ে বেঁধে রাখা শ্রমিককে তুলতে ও সরাতে দেখা যায়। তবে ঘটনাটি কবে বা কোন প্রেক্ষাপটে ঘটেছে, তা পরিষ্কার নয়।
মাইগ্র্যান্ট ওয়ার্কার্স হিউম্যান রাইটস নেটওয়ার্ক বলছে, এটি ছিল ভয়াবহ এক কাজ, যা একজন শ্রমিকের মৌলিক মানবিক মর্যাদাকে অসম্মান করেছে। বিদেশি শ্রমিকদের মানুষ নয়, বরং যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।
কি আছে আলোচিত সেই ভিডিওতে! দেখুন এখানে
ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হলে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং দৃশ্যপটে আসতে বাধ্য হন। অভিবাসী শ্রমিকের সাথে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে “মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন” বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি লেখেন, “ভিডিওটি দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশ, যা বিশ্বে সাংস্কৃতিক শক্তি এবং গণতন্ত্রের মডেল হিসেবে পরিচিত, সেখানে এমন ঘটনা ঘটতে পারে, তা কল্পনাতীত।”
তিনি ঘটনাটিকে “সংখ্যালঘু ও দুর্বলদের বিরুদ্ধে অগ্রহণযোগ্য সহিংসতা” উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।