
ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির ২২০ জন এমপি। নয়টি রাজনৈতিক দলের এমপিরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে অর্ধেকের বেশি লেবার পার্টির সদস্য।
তাদের মতে, যুক্তরাজ্যের এই স্বীকৃতি হবে একটি ‘বড় বার্তা’ এবং একটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চিঠিটি এমন এক সময় এসেছে যখন ফ্রান্স ঘোষণা দিয়েছে, তারা আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে এক জরুরি ফোনালাপের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের মিত্রদের সঙ্গে মিলে শান্তির পথ তৈরি করছি। একটি বাস্তবভিত্তিক রূপরেখা, যা ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনবে।’
‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া অবশ্যই সেই রূপরেখার অংশ। আমি এ বিষয়ে দ্ব্যর্থহীন,’ বলেন কিয়ার স্টারমার। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘এটি এমন একটি পরিকল্পনার অংশ হতে হবে, যা শেষ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও নিরাপদ ইসরায়েল রাষ্ট্রের সহাবস্থানে গিয়ে পৌঁছাবে।’