মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে দেশটির জনগণ। রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। সদ্য ১০০ বছরে পা দেওয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও বিক্ষোভে অংশ নিয়েছেন।
বিক্ষোভকারীরা আনোয়ার সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছেন। বিক্ষোভকারীদের বেশিরভাগই কালো টি-শার্ট ও মাথায় ‘তুরুন আনোয়ার’ লেখা ব্যান্ডানা পরেছিলেন, যার অর্থ ‘সরে দাঁড়াও আনোয়ার’। বিক্ষোভকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার গণমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ বলছে, শনিবার সকাল থেকেই রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজপথে বের হন। তারা মারদেকা স্কয়ার ও এর আশেপাশের এলাকায় অবস্থান নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ছিল, যেখানে আনোয়ারের পদত্যাগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

বিক্ষোভে অংশ নেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আনোয়ার ইব্রাহিমের ‘প্রতিশ্রুতি ভঙ্গই’ এ বিক্ষোভের মূল কারণ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
ফ্রি মালয়েশিয়া টুডে আরও জানিয়েছে, যদিও মালয়েশিয়ার সরকার এবং তাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হওয়ার আহ্বান জানিয়েছে, তবে জনতা তাদের দাবিতে অনড় রয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে।
অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ বিক্ষোভ আনোয়ার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।