চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ‘ছাত্র প্রতিনিধি’ নন—এমন দাবি করে প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৭ জুলাই)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে `চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি‘ শিরোনামে প্রকাশিত সংবাদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।
মন্ত্রণালয় পরিষ্কারভাবে জানিয়েছে, এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা অন্য কোনো ধরনের প্রতিনিধির অস্তিত্ব নেই।
মন্ত্রণালয় সতর্ক করে বলেন, তাদের নাম ব্যবহার করে যদি কেউ কোনো অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে একইসঙ্গে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে এবং আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।