শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশে যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই- এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্য প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দুঃখ প্রকাশ করে আসিফ নজরুল লেখেন, “শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা উচিত হয়নি। দুটোই জঘন্যতম অপরাধ। কিন্তু আমার কথায় কেউ যদি মনে করে থাকেন যে আমি একাত্তরের পাকিস্তানি বাহিনীর বর্বরতাকে হালকাভাবে দেখেছি, তাহলে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও লেখেন, “শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী-কিশোর-শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রনায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা।”
যুদ্ধের ময়দানেও এসব কর্মকান্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় বলে উল্লেখ করেছেন এই উপদেষ্টা।