ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ১০ আগস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর যাচাই বাছাই শেষে ৩১ অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এর আগে গত ২১ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিলেন। এছাড়া ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারসংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে পুরোদমে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনও জোরেশোরে এগোচ্ছে নির্বাচনের পথে। আগামী কয়েক দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।