
আসন্ন দুর্গাপূজা সামনে রেখে আবারও বাংলাদেশের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানিয়েছে ভারতের ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন। এবারের চিঠিতে শুধু ইলিশ রপ্তানির অনুরোধ নয়, পাশাপাশি নির্ধারিত সময়সীমা বাদ দিয়ে রপ্তানির অনুমতি দেওয়ারও প্রস্তাব রাখা হয়েছে।
২৯ জুলাই মঙ্গলবার, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। চিঠিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা থাকে। সেই চাহিদা মেটাতে বাংলাদেশ যেন যথাসময়ে রপ্তানির অনুমতি দেয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত বছর আপনার সদয় হস্তক্ষেপে বাংলাদেশ সরকার ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। তবে বাস্তবে আমরা মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশই আমদানি করতে পেরেছিলাম। আগের বছরও একই চিত্র দেখা গেছে। কারণ অনুমতির সময়সীমা মাত্র ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে, যা এত বড় পরিমাণ ইলিশ আমদানির জন্য বাস্তবে যথেষ্ট নয়।”
এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, গত বছর ২৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ। তার জন্য এ পার বাংলার মানুষ ‘গভীর ভাবে কৃতজ্ঞ’। চলতি বছরে দুর্গাপুজোর আগেই ইলিশের রপ্তানির অনুমতি দেওয়া হোক।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সীমান্তে বিবাদ এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর মধ্যেই ওপার বাংলাকে ইলিশ রপ্তানির অনুমতির দেওয়ার কথা বলে চিঠি গেল এপার বাংলা থেকে।