
নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে আর থাকছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টকশোতে একক অতিথি হিসেবে অংশ নিয়ে আসিফ মাহমুদ বলেন, “২০১৮ সাল থেকে আমি রাজনীতির সঙ্গে আছি। আমার মতে, যারা সক্রিয় রাজনীতিতে জড়িত, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তাই তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করব।”
তিনি স্পষ্ট করে জানাননি, পদ ছাড়ার পর তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কি না বা জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না। তবে তিনি দাবি করেন, ক্ষমতার মোহে নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সোচ্চার থাকার জন্যই সরকারে যোগ দিয়েছিলেন।
আসিফ মাহমুদের মতে, এখনও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, যার মধ্যে বড় মাইলফলক জুলাই ঘোষণাপত্র দেওয়া এবং স্থানীয় সরকারের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন অন্যতম। এগুলো সম্পন্ন না করলে ঐতিহাসিক দায় থেকে যাবে।
টকশোতে তিনি অন্তর্বর্তী সরকারের সময় সামরিক বাহিনীর ভূমিকা, রাজনৈতিক মিত্রদের বিভাজন, আসন্ন জাতীয় নির্বাচন, নিজের রাজনৈতিক পরিকল্পনা ও সাম্প্রতিক বিতর্কিত ঘটনাসহ নানা বিষয়ে মত দেন।
এছাড়া তিনি অভিযোগ করেন, একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের কিছু ভালো ইমেজধারী নেতাকে জাপার হয়ে নির্বাচনে আনার পাঁয়তারা চলছে।
স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও স্বীকার করেন তিনি। তবে এ দায় পুরোপুরি তার নয়, বিএনপি ও তাদের সহযোগী কিছু দল এই নির্বাচনে রাজি না হওয়ায় ভোট আয়োজন সম্ভব হচ্ছে না।
সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন সহিংস ঘটনা ও অপরাধে তার বাবার আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার, যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
জাতীয় নির্বাচনে মুরাদনগর থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন নাকচ করে আসিফ মাহমুদ বলেন, “আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই। স্থানীয় নির্বাচনে অংশ নিলে জাতীয় রাজনীতির ফোকাস হারাবে। তাই ঢাকাই আমার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য সবচেয়ে উপযুক্ত।”