
গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। বুধবার পরিষদের সভাপতি মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে গভীর উদ্বেগ জানিয়ে বলা হয়, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ গণমাধ্যম সম্পর্কে একগুচ্ছ অযৌক্তিক অভিযোগ তোলা হয়েছে। সম্মেলনে বলা হয়, ‘গণমাধ্যম গণঅভ্যুত্থানে জড়িতদের চরিত্রহননের চেষ্টা করছে’ এবং শেখ হাসিনার স্বৈরশাসন আমলের মতো ‘গোয়েন্দা সংস্থার মুখপাত্র’ হিসেবে কাজ করছে।
এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে সম্পাদক পরিষদ বলেছে, গত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে সম্পাদক ও সাংবাদিকরা নানামুখী নিপীড়ন, হয়রানি ও দমন-পীড়নের শিকার হয়েছেন। অভ্যুত্থান চলাকালে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ব্ল্যাকআউটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু সাহসী প্রতিবেদনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হয়েছে। বিশেষ করে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম নির্ভীকভাবে সত্য তুলে ধরে গণঅভ্যুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রেখেছে, যদিও তা করতে গিয়ে তাদের অনেক ভয়-ভীতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অভ্যুত্থান-পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলেও বেশিরভাগ মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারের নানা সীমাবদ্ধতা তুলে ধরতে গঠনমূলক ভূমিকা পালন করছে।
এনসিপি নেতাদের দেওয়া ‘গণমাধ্যমবিরোধী’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সম্পাদক পরিষদ সব পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে।