
প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের ঢাকা-১ কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়।
সন্ধ্যায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের তদন্তে উঠে এসেছে—সজীব ওয়াজেদের নামে ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকার স্থাবর সম্পদ ও ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। কিন্তু বৈধভাবে অর্জিত আয়ের তথ্য পাওয়া গেছে মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।
অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেন। হুন্ডি ও অন্যান্য পথে অর্থপাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনা ও বিনিয়োগে ব্যয় করেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এছাড়া তার নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।