
সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের ভাতা ও প্রশিক্ষকদের সম্মানী উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
নতুন নিয়মে প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ হয়েছে। গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা আগে প্রতিদিন ৬০০ টাকা পেতেন, এখন পাবেন ১,২০০ টাকা। আর গ্রেড-১০ ও তার নিম্ন পর্যায়ের কর্মচারীদের দৈনিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে।
প্রশিক্ষকদের সম্মানীও বেড়েছে। তৃতীয় গ্রেড বা যুগ্মসচিব এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা এখন প্রতি ঘণ্টার সেশনে পাবেন ৩,৬০০ টাকা, যা আগে ছিল ২,৫০০ টাকা। অর্থাৎ প্রায় পাঁচ বছরে এই সম্মানী বেড়েছে ১,১০০ টাকা। চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব এবং তদনিম্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টায় পাবেন ৩,০০০ টাকা, যা আগে ছিল ২,০০০ টাকা।
এছাড়া কোর্স পরিচালকের প্রতিদিনের সম্মানী ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। কোর্স সমন্বয়ক পাবেন ১,৫০০ টাকা (আগে ছিল ১,২০০ টাকা) এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে দ্বিগুণ করে ১,০০০ টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে শর্তও নির্ধারণ করা হয়েছে, এ ভাতা শুধু মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের নিজস্ব কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। মাঠ পর্যায়ের কর্মচারীদের সদরদপ্তর আয়োজিত প্রশিক্ষণ, প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ, বা দিনব্যাপী না হওয়া প্রশিক্ষণে দুপুরের খাবারের খরচ বহন করা যাবে না। এখানে “গ্রেড” বলতে সাবস্টেনটেটিভ গ্রেড (মূল গ্রেড) বোঝানো হয়েছে।