
প্রধান বিচারপতির বাসভবনে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন নিয়ে আলোচনা হয়।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে প্রধান বিচারপতি গত এক বছরে বিচার বিভাগের উন্নয়নে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। তিনি বিশেষভাবে একটি স্বাধীন, শক্তিশালী ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রণীত পরিকল্পনা এবং দেশের মানবাধিকার সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা ব্যাখ্যা করেন।
মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন প্রধান বিচারপতিকে দায়িত্বের এক বছর পূর্তিতে অভিনন্দন জানান এবং বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ, স্বচ্ছতা নিশ্চিতের ১২ দফা নির্দেশনা, এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগসহ তার গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রধান বিচারপতির নেতৃত্বে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আরও অগ্রগতি হবে এবং যুক্তরাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা দেবে।
বৈঠকটি পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাৎ ছিল বলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন জানান। অন্যদিকে, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, সৌজন্য সাক্ষাৎ স্বাভাবিক ঘটনা হলেও, অতীতে প্রধান বিচারপতির সরকারি শীর্ষ পর্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রচলন সীমিত ছিল, যা পুনঃপ্রতিষ্ঠায় সময় লাগবে।