মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশটির স্থানীয় শ্রমিকদের মতোই সমান সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান তিনি।
শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর একটি ‘ল্যান্ডমার্ক ট্যুর’ ছিল, এই সফর ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়েছে। মালয়েশিয়াপ্রবাসীদের অনেকেই ইংরেজি বা মালয় ভাষায় দক্ষ নন। এ কারণে তাদের জন্য বাংলা ভাষায় অভিযোগ জানানোর সুযোগের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি জানান, মালয়েশিয়ায় ১০ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তারা যেন পড়াশোনা শেষে সে দেশের কোম্পানিতে চাকরির সুযোগ পান, সে বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া ‘গ্র্যাজুয়েট প্লাস’ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।
প্রেসসচিব আরও বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সঙ্গে শ্রমিক কল্যাণ, অবৈধ শ্রমিকদের বৈধকরণ, নিরাপত্তারক্ষী ও কেয়ার গিভার নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) দ্রুত স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে, যা বাণিজ্যিক সম্পর্ককে আরও ত্বরান্বিত করবে। বর্তমানে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বছরে প্রায় ৩ বিলিয়ন ডলারের খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি করে।