বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কয়েকটি মিশনের কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ নির্দেশনা কোনো লিখিত চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে বিষয়টি। পরে তাঁদেরকে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও নিশ্চিত করেছে যে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত/হাইকমিশনারকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অনেক মিশন এখনো আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ পায়নি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তাঁরা সরকারের কাছ থেকে এ বার্তা পেয়েছেন।
বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার।’
আরেকজন কূটনীতিক জানান, তাঁদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি বার্তা না দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমে খবরটি তাঁদের কাছে পৌঁছেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত এক কূটনীতিক বলেন, ‘এমন কোনো বার্তা এখনো আমি পাইনি। তবে হাইকমিশনার পেয়েছেন কি না, জানি না।’