
জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ইসিও কাজ শুরু করেছে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি একনেক সভায় অংশ নেন।
রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে, এবং নির্বাচন সেখানেই হবে। রাজনৈতিক দলগুলোর নিজস্ব হিসাব-নিকেশ থাকতে পারে, কিন্তু সরকারের অবস্থান বদলাবে না।”
এসময় বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনার বিষয়টি আমার জানা নেই। উপদেষ্টা পরিষদেও এ নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”
সিলেটে পাথর লুটের ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, “এখানে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বা প্রশাসন নীরব থেকেছে। তাই প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে।”