
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় কক্সবাজার, চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে সাগরে বায়ুচাপের তারতম্য তৈরি হয়েছে, উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। শঙ্কা রয়েছে ঝড়ো হাওয়ারও।
এ অবস্থায় কক্সবাজার, চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল সংকেত নেমে যাওয়ার সম্ভাবনা থাকলেও আগামী দুই তিনদিন প্রচুর বৃষ্টিপাত ও আবারো নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝারি ধরনের জলোচ্ছ্বাস হতে পারে। তাই জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।