
রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আনতে কক্সবাজারে আয়োজন করা হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের। আগামী ২৪ আগস্ট শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি কক্সবাজারে পৌঁছাবেন ২৫ আগস্ট।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
প্রেসসচিব বলেন, “আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়, সে জন্য আমরা তিনটি আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা নিয়েছি।”
তিনি আরও জানান, এর প্রথমটি শুরু হবে ২৪ আগস্ট কক্সবাজারে। এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলন আয়োজন করা হবে, যেখানে প্রায় ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কাতারের দোহাতেও আরেকটি গুরুত্বপূর্ণ সম্মেলনের পরিকল্পনা রয়েছে।
কক্সবাজারের সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উপস্থিত থাকবে। প্রেসসচিব শফিকুল আলম বলেন, “রোহিঙ্গারা যে মানবিক সংকটে রয়েছে, তাদের কণ্ঠস্বর আন্তর্জাতিক ফোরামে পৌঁছে দেওয়া সহজ নয়। তাই এই সম্মেলনে আমরা চাই রোহিঙ্গা জনগোষ্ঠী সরাসরি প্রতিনিধিদের সঙ্গে সম্পৃক্ত হোক এবং নিজেদের অভিজ্ঞতা নিজেরাই তুলে ধরুক।”