চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। তবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে ঘিরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আপাতত তার সফর স্থগিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এশিয়া সফরের অংশ হিসেবে ৩০ আগস্ট ঢাকা পৌঁছানোর কথা ছিল মেলোনির। দুই দিনের এ সফরে তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছিলেন। এরপর সিঙ্গাপুর, জাপানসহ পাঁচটি দেশে সফরের সূচি ছিল তার। কিন্তু ইউরোপের ভূরাজনৈতিক জটিলতার কারণে হঠাৎ পুরো সফরসূচিই স্থগিত করে ইতালি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ইতালির দূতাবাস অনানুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে। শুধু বাংলাদেশ নয়, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরও স্থগিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের নিরাপত্তাজনিত অগ্রাধিকার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকাকে জানানো হয়েছে।
এই সফরকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিয়ে দেখছিল, কারণ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে এটি হতো ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার প্রথম সফর। আলোচনায় অভিবাসন ও শ্রমবাজার ইস্যুটি প্রধান স্থান পাওয়ার কথা ছিল।
তবে সফরের নতুন তারিখ বা পুনরায় আয়োজনের বিষয়ে এখনো কোনো ইঙ্গিত মেলেনি।