
চীন যাত্রার আগে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির উচ্চ-স্তরের প্রতিনিধিদলকে সংবর্ধনা দিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। শুক্রবার এ উপলক্ষ্যে দূতাবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং পার্টির অন্যান্য শীর্ষ স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যেকার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং এই সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে। চীনের পক্ষ থেকে বাংলাদেশকে সকল ক্ষেত্রে সহযোগিতা করা হবে।
এ সময় চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি নতুন অধ্যয়ের সূচনা করবে।
প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি করা।