
বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সেখানে পৌঁছাবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেন, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে কূটনৈতিক মহল মনে করছে। সফরকালে ইসহাক দার বাংলাদেশের শীর্ষ সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।