
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেছেন, আগামী অক্টোবরেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফ্লাই জিন্নাহ সরাসরি ফ্লাইট চালু করবে। পাশাপাশি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বেসরকারিকরণ সম্পন্ন হলে তারাও ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার (২৪ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইসহাক দার এ কথা জানান।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো, যুবসমাজের সরাসরি যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হয়।
ড. ইউনূস বলেন, “সার্ক আমাদের উভয়ের শীর্ষ অগ্রাধিকার। পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক আমার সর্বোচ্চ অগ্রাধিকার।” তিনি জনগণ পর্যায়ের সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর জোর দেন।
ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দেন এবং ড. ইউনূসের দারিদ্র্য বিমোচন ও সামাজিক ক্ষমতায়নে অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশ এমন একজন সরকার প্রধানকে পেয়েছে, যিনি গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেন।”
১৩ বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ সফররত পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, নৌ ও আকাশ যোগাযোগ উন্নয়নের উদ্যোগ চলছে। তিনি ও ড. ইউনূস উভয়েই আশাবাদ ব্যক্ত করেন, বাণিজ্য, সংস্কৃতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব হবে।