
নিরাপত্তা জনিত কারণে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা রয়েছেন বলে জানা গেছে
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরির পর এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, ‘এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে সিনিয়র কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।’
তবে ডিসি রমনা সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীকে ডিবি’র হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী ‘৭১ প্রজন্ম মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করেছে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়।
অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন।