
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ কারণে আগে নির্ধারিত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) এর সাধারণ ছুটি পরিবর্তন করে ৬ সেপ্টেম্বর (শনিবার) নতুন তারিখ ঠিক করা হয়েছে।
দিনটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ জরুরি পরিষেবার আওতায় থাকা প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন। জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
এ ছাড়া ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।